অভিনয়ের জন্য সব সময় বৈচিত্র্যপূর্ণ চরিত্র পছন্দ করেন সায়ামি খের। আর পর্দায় সেই চরিত্রের মতো হয়ে উঠতে যারপরনাই পরিশ্রমও করেন। রাহুল ঢোলাকিয়ার ‘অগ্নি’ সিনেমায় এবার নারী ফায়ার সার্ভিস কর্মী হয়ে আসছেন এই বলিউড অভিনেত্রী। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে মুক্তি পেল ওয়েব ছবিটির ট্রেলার।
ফায়ার সার্ভিস কর্মীদের জীবন আর তাঁদের সাহসিকতা, আত্মত্যাগের কাহিনি নিয়ে বোনা হয়েছে ছবির গল্প। মানুষের প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিস কর্মীরা আগুনে ঝাঁপ দিতে পিছপা হন না। ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে বলিউডে এই প্রথম কোনো ছবি নির্মাণ করা হলো। ছবিতে আরও আছেন প্রতীক গান্ধী, দিব্যেন্দু ভট্টাচার্য, সাই তামহংকার।
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ছবির প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি; পরিচালক রাহুল ঢোলাকিয়া ছাড়াও ছিলেন ‘অগ্নি’র চার অভিনয়শিল্পী। ছবিতে প্রতীক ও সায়ামিকে ফায়ার সার্ভিস কর্মীর ভূমিকায় দেখা যাবে। প্রতীক বলেন, ‘“অগ্নি” শুধু একটা ছবি নয়, আমাদের সমাজের অকথিত নায়ক অগ্নিযোদ্ধাদের সাহসিকতার প্রতি শ্রদ্ধাঞ্জলি।’