জিরোনার বিপক্ষে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে
জয়টা এসেছে সহজেই। রিয়াল মাদ্রিদ জিরোনাকে তাদেরই মাঠে হারিয়েছে ৩-০ ব্যবধানে। জয়টাও এসেছে এমন দিনে, যখন লিগ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা ড্র করে পয়েন্ট খুইয়েছে। রিয়াল এক ম্যাচ কম খেলায় বার্সাকে টপকে যাওয়ার সুযোগও এখন হাতের নাগালে।
তবে লা লিগায় রিয়ালের কাল রাতের জয়ে সন্তুষ্টির বড় জায়গা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের একসঙ্গে জেগে ওঠা। মাদ্রিদে এমবাপ্পের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ার পেছনে যে সব বিষয় আলোচনায় উঠে এসেছিল, তার একটি বেলিংহামের সঙ্গে এমবাপ্পের রসায়ন না ঘটা। মাঠে এমবাপ্পের কোনো বন্ধু নেই, বেলিংহাম তাঁকে এড়িয়ে চলেন—দু দিন আগেই এমন একটি মন্তব্য করেছিলেন সাবেক ফ্রান্স ও আর্সেনাল মিডফিল্ডার এমানুয়েল পেতিত।
জিরোনার বিপক্ষে জয়ে ৩৬ মিনিটে রিয়ালের প্রথম গোলটি করেছেন বেলিংহাম। এটি ছিল লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে বেলিংহামের পঞ্চম গোল। গত মৌসুমে ২৮ ম্যাচে ১৯ গোল করা এই মিডফিল্ডার এ বছর প্রথম থেকে ছিলেন গোলখরায়। প্রথম গোল পেয়েছেন গত ১১ নভেম্বর ওসাসুনার বিপক্ষে নিজের অষ্টম ম্যাচে। এর পর একটি করে গোল করেছেন লেগানেস, হেতাফে, অ্যাথলেটিক বিলবাও ও জিরোনার বিপক্ষে।
বেলিংহাম জিরোনার বিপক্ষে গোল করার পাশাপাশি একটি করিয়েছেনও। ৫৫ মিনিটে আর্দা গুলেরের গোলে অ্যাসিস্ট ছিল তাঁর। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য বেলিংহামকে বেশিক্ষণ মাঠে রাখেননি। চোটশঙ্কায় ৬০ মিনিটে তাঁকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়।